(এই চিঠিটি ভিনসেন্ট ভ্যান গঘ ভাই থিও ভ্যান গঘকে লেখেন ১২ই এপ্রিল ১৮৮১তে ব্রাসেলস থেকে।এটি ভাবানুবাদ,আক্ষরিক অনুবাদের চেয়ে কিছু ভিন্ন।)
প্রিয় ভাই থিও,
বাবার কাছ থেকে জানলাম সামনের রোববার(ঈস্টারের দিন) তোমার এটেন(Etten) এর দিকে আসার সম্ভাবনা আছে,এবং বাবা আমাকেও যেতে লিখেছেন।আমার পক্ষেও ওইসময় থাকা সুবিধা হবে,তাই আমি আজই সেখানে যাওয়ার জন্যে বেরিয়ে পড়ছি।
আশায় আছি,শীঘ্রই আমাদের মোলাকাত হবে,আর আমিও তার জন্যে হাপিত্যেশ করে বসে আছি,বিশেষত তা এইজন্যে যে সম্প্রতি আমি রাপার্ড( Anthon Van Rappard)এর তত্ত্বাবধানে দুটি ড্রয়িং করেছি, “বাতিওয়ালারা” (The Lamp Bearers) এবং “ভারবাহকেরা” (The Bearers of the Burden)। এই ছবিগুলো নিয়ে কিভাবে এগোনো যায়, সে বিষয়ে তোমার সঙ্গে আলোচনা করার জন্যে উন্মুখ হয়ে আছি। অবশ্য আমার কিছু মডেল চাই সত্ত্বর এই ছবিগুলো শেষ করতে হলে,আমার বিশ্বাস তাতে ছবি ভালোই উৎরে যাবে। ‘স্মিটন – টিলি’ (Burn Smeeton – Auguste Tilly) বা L’Illustration পত্রিকার সম্পাদকের কাছে পাঠানোর মতো কিছু কম্পোজিশন জমা হওয়া দরকার।
তাহলে আমি আজই রওনা দিলাম,পৌঁছে তোমায় জানিয়ে দেবো, যাতে তুমি না আবার ব্রাসেলস এ এসে আমাকে খোঁজো। ইচ্ছে আছে এটেন(Etten) এর ঘাসবনের কিছু স্কেচ করার, সেই মতলবেই দিন কয়েক আগে গিয়ে হাজির হচ্ছি।
সুতরাং আমাদের দেখা হচ্ছেই,এসো সেই আনন্দে মনে মনে একবার করমর্দন করি।
ইতি
একান্তই তোমার, ভিনসেন্ট
(এই চিঠির সঙ্গে তোমাকে তিনটে খসড়া ছবি পাঠালাম,যদিও সেগুলো এখনো নড়বড়ে-এলোমেলো,কিন্তু আশাকরি এর থেকেই তুমি কিছুটা হলেও আন্দাজ করতে পারবে যে আমার কাজের ধারাবাহিক উন্নতি হচ্ছে। তবে ভাই এটা স্মরণে রেখো যে আমি মাত্র কিছুকাল হল ছবি আঁকতে শুরু করেছি,যদিও শিশুকালে টুকটাক ছবি এঁকেছি।এবারের শীতকালে মনস্থ করেছি নিজস্ব কম্পোজিশনগুলি আঁকা কিছুকাল স্থগিত রেখে ঠিকঠাক অ্যানাটমিকাল ড্রয়িং এর চর্চা করতেই হবে।)
পরিশিষ্ট :
(*চিঠিতে উল্লেখিত ছবিগুলির মধ্যে কেবলমাত্র “ভারবাহকেরা” (The Bearers of the Burden) এই ছবিটির সন্ধান পাওয়া যায়, সেটি এর সাথে সংযুক্ত করা হল।)
তথ্য ও চিত্রঋণ: ভ্যান গঘ মিউজিয়াম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন